Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 60

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ; তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!
2তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ, দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।
3তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ, তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।
4কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ, যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।
5তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।
6ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।
7গিলিয়দ আমার, ও মনঃশিও আমার; ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহূদা আমার রাজদণ্ড।
8মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”
9কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?
10হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ? তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?
11আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।
12ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.