Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 34

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব; তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।
2আমি সদাপ্রভুতে গর্ব করব; যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।
3আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো; এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।
4আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন; আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।
5যারা তাঁর দিকে দৃষ্টিপাত করে, তারা দীপ্তিমান হয়; তাদের মুখ কখনও লজ্জায় আবৃত হবে না।
6এই দুঃখী ডাকল, আর সদাপ্রভু শুনলেন; তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
7কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার; তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে।
8আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি যে তাঁতে আশ্রয় নেয়।
9হে তাঁর পবিত্র মানুষজন, সদাপ্রভুকে সম্ভ্রম করো, কারণ যারা তাঁকে সম্ভ্রম করে তাদের কোনও কিছুর অভাব হয় না।
10সিংহও দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না।
11এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো; আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শিক্ষা দেবো।
12তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে এবং বিস্তর ভালো দিন দেখতে চায়,
13তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
14মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো; শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
15সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে, এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
16কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে, তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
17ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন; তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন।
18সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
19ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
20তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন, তাদের মধ্যে একটিও ভাঙে না।
21দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে; ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে।
22সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন; যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.