Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 30

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
2হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি, এবং তুমি আমাকে সুস্থ করেছ।
3তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ; তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।
4হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো; তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
5কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী; অশ্রু রাত্রিব্যাপী হয়, কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
6যখন আমি নিরাপদ বোধ করেছিলাম, আমি বলেছিলাম, “আমি কখনও বিচলিত হব না।”
7তোমার করুণা, হে সদাপ্রভু, আমাকে পর্বতের মতো সুরক্ষিত করেছিল; কিন্তু যখন তুমি তোমার মুখ লুকালে, তখন আমি বিহ্বল হলাম।
8হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকলাম; সদাপ্রভুর কাছে আমি বিনতি করলাম,
9“আমার মৃত্যু হলে কী লাভ, আর যদি আমি পাতালে চলে যাই? ধূলিকণা কি তোমার জয়গান করবে? তা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে?
10হে সদাপ্রভু, শোনো, আর আমার প্রতি কৃপা করো; হে সদাপ্রভু, আমার সহায় হও।”
11তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ; আমার চট খুলে আমাকে আনন্দ দিয়ে আবৃত করেছ,
12যেন আমার হৃদয় চুপ করে না থাকে, কিন্তু তোমার জয়গান করে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার প্রশংসা করব।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.