Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 141

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো; আমি যখন ডাকি তখন আমার প্রার্থনায় কর্ণপাত করো।
2তোমার উদ্দেশে আমার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো, আর আমার প্রসারিত দু-হাত সান্ধ্য নৈবেদ্যের মতো গ্রহণ করো।
3হে সদাপ্রভু, আমি যা বলি তা তুমি নিয়ন্ত্রণ করো, আর আমার ঠোঁট দুটিকে পাহারা দাও।
4আমার হৃদয় যেন মন্দের দিকে আকর্ষিত না হয়, বা অপরাধে অংশ না নেয়। যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন ভাগ না নিই।
5ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা; সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব।
6যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে।
7তখন তারা বলবে, “একজন যেমন জমিতে লাঙল দেয় ও চাষ করে, তেমনই আমাদের হাড়গোড় কবরের মুখে ছড়িয়ে আছে।”
8কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
9অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো, তাদের জাল থেকে যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে।
10দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক, কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.