Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গণনা পুস্তক 2

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
2“ইস্রায়েলের প্রত্যেক ব্যক্তি, নিজের নিজের পিতৃকুলের চিহ্নের সঙ্গে দলীয় পতাকার সঙ্গে কিছুটা দূরত্ব রেখে, সমাগম তাঁবুর চতুর্দিকে ছাউনি করবে।”
3পূর্বদিকে, সূর্যোদয় অভিমুখে: যিহূদার শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা জনগোষ্ঠীর নেতা হবে।
4তার বিভাগীয় সেনাদের সংখ্যা 74,600।
5তার পরবর্তী ছাউনি হবে ইষাখর গোষ্ঠীর। সূয়ারের ছেলে নথনেল ইষাখর জনগোষ্ঠীর নেতা হবে।
6তার বিভাগীয় সেনাদের সংখ্যা 54,400।
7তার পরবর্তী ছাউনি হবে সবূলূন গোষ্ঠীর। হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন জনগোষ্ঠীর নেতা হবে।
8তার বিভাগীয় সেনাদের সংখ্যা 57,400।
9সমস্ত বিভাগীয় সেনাদল অনুসারে যিহূদা শিবিরের জন্য নির্দিষ্ট পুরুষের সংখ্যা 1,86,400 জন। প্রথমে তারা যাত্রা শুরু করবে।
10দক্ষিণপ্রান্তে: রূবেণের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ জনগোষ্ঠীর নেতা হবে।
11তার বিভাগীয় সেনাদের সংখ্যা 46,500।
12শিমিয়োনের গোষ্ঠী তাদের পাশে ছাউনি স্থাপন করবে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োন জনগোষ্ঠীর নেতা হবে।
13তার বিভাগীয় সেনাদের সংখ্যা 59,300।
14তার পাশের ছাউনি হবে গাদের। দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ গাদ জনগোষ্ঠীর নেতা হবে।
15তার বিভাগীয় সেনাদের সংখ্যা 45,650।
16রূবেণের শিবিরের জন্য নির্দিষ্ট তাদের বিভাগীয় সেনাদের অনুসারে, সমস্ত পুরুষের সংখ্যা 1,51,450। দ্বিতীয় স্থানে তারা যাত্রা শুরু করবে।
17তারপর শিবির সমূহের মধ্যস্থানে, সমাগম তাঁবু এবং লেবীয়দের ছাউনি যাত্রা শুরু করবে। তারা যে রকম ছাউনি স্থাপন করে, সেইরকম অভিন্ন ক্রম অনুসারে যাত্রা করবে, প্রত্যেকজন দলীয় পতাকার কাছে, তাদের নির্দিষ্ট স্থানে।
18পশ্চিম প্রান্তে: ইফ্রয়িম শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় অবস্থান করবে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম জনগোষ্ঠীর নেতা হবে।
19তার বিভাগীয় সেনাদের সংখ্যা 40,500।
20তাদের পরবর্তী ছাউনি হবে মনঃশি গোষ্ঠীর। পদাহসূরের ছেলে গমলীয়েল, মনঃশি জনগোষ্ঠীর নেতা হবে।
21তার বিভাগীয় সেনাদের সংখ্যা 32,200।
22বিন্যামীন গোষ্ঠীর ছাউনি হবে তাদের পরে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন জনগোষ্ঠীর নেতা হবে।
23তার বিভাগীয় সেনাদের সংখ্যা 35,400।
24ইফ্রয়িমের শিবিরের জন্য নির্দিষ্ট, তাদের সেনাদল অনুসারে পুরুষের সংখ্যা 1,08,100। তারা তৃতীয় স্থানে যাত্রা শুরু করবে।
25উত্তর প্রান্তে: দানের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান জনগোষ্ঠীর নেতা হবে।
26তার বিভাগীয় সেনাদের সংখ্যা 62,700।
27তার পরবর্তী ছাউনি হবে আশের গোষ্ঠীর। অক্রণের ছেলে পগীয়েল আশের জনগোষ্ঠীর নেতা হবে।
28তার বিভাগীয় সেনাদের সংখ্যা 41,500।
29তারপরে অবস্থান হবে নপ্তালি গোষ্ঠীর। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি জনগোষ্ঠীর নেতা হবে।
30তার বিভাগীয় সেনাদের সংখ্যা 53,400।
31দানের শিবিরের জন্য নির্দিষ্ট সমস্ত পুরুষের সংখ্যা 1,57,600 জন। তাদের পতাকা সমেত তারা সবশেষে যাত্রা করবে।
32এরাই ইস্রায়েলী জনগোষ্ঠী, তাদের পিতৃকুল অনুসারে গণিত। শিবির সমূহে, তাদের বিভাগ অনুসারে গণিত সর্বমোট জনসংখ্যা 6,03,550 জন।
33কিন্তু এদের মধ্যে অন্য ইস্রায়েলীদের সঙ্গে লেবীয়েরা গণিত হয়নি, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
34সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, এইভাবে ইস্রায়েলীরা সে সমস্তই করেছিল; তারা সেইভাবে তাদের পতাকাতলে সন্নিবেশিত প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠী এবং পিতৃকুল অনুসারে সেইভাবে যাত্রা করত।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.