Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

যিহোশূয় 13

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।
2“এসব দেশ এখনও অবশিষ্ট আছে: “ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল,
3মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে; দক্ষিণ দিকে
4অব্বীয়দের এলাকা; সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ;
5গিব্‌লীয়দের অঞ্চল; এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।
6“লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো,
7এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”
8মনঃশির অন্য অর্ধেক বংশ , রূবেণীয়রা ও গাদীয়রা তাদের সেই উত্তরাধিকার লাভ করল যা মোশি জর্ডনের পূর্বপারে তাদের দিয়েছিলেন, যেভাবে তিনি, সদাপ্রভুর দাস, তাদের জন্য সেটি বরাদ্দ করে দিয়েছিলেন।
9এটি অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং সেই গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে সম্প্রসারিত হল এবং দীবোন পর্যন্ত বিস্তৃত মেদ্‌বার সমগ্র মালভূমি,
10ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।
11এছাড়াও এতে গিলিয়দ অঞ্চল, গশূর ও মাখার অধিবাসীদের এলাকা, সমগ্র হর্মোণ পর্বত ও সল্‌খা পর্যন্ত বিস্তৃত সমগ্র বাশন যুক্ত হল—
12অর্থাৎ, বাশনে সেই ওগের সমগ্র রাজ্য, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন। (তিনিই রফায়ীয়দের সর্বশেষ জন) মোশি তাদের পরাজিত করলেন ও তাদের দেশ অধিকার করে নিলেন।
13কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।
14কিন্তু লেবি বংশকে তিনি কোনও উত্তরাধিকার দেননি, যেহেতু ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত ভক্ষ্য নৈবেদ্যই হল তাদের উত্তরাধিকার, যেভাবে সদাপ্রভু তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
15রূবেণ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
16অর্ণোন গিরিখাতের প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে, এবং গিরিখাতের মাঝখানে অবস্থিত নগর থেকে, এবং মেদ্‌বা ছাড়িয়ে সমগ্র মালভূমি থেকে
17হিষ্‌বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন,
18যহস, কদেমোৎ, মেফাৎ,
19কিরিয়াথয়িম, সিব্‌মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর,
20বেথ-পিয়োর, পিস্‌গার ঢাল, ও বেথ-যিশীমোৎ
21মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন।
22যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।
23রূবেণীয়দের সীমানা ছিল জর্ডন নদীর পাড়। তাদের গোষ্ঠী অনুসারে এইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি রূবেণ বংশের অধিকার হল।
24গাদ বংশকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
25যাসেরের এলাকা, গিলিয়দের সবকটি নগর এবং রব্বার নিকটবর্তী, অরোয়ের পর্যন্ত বিস্তৃত অম্মোনীয়দের অর্ধেক দেশ;
26এবং হিষ্‌বোন থেকে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের এলাকা পর্যন্ত বিস্তৃত অঞ্চল;
27এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্‌বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)
28এসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি তাদের গোষ্ঠী অনুসারে গাদ বংশের অধিকার হল।
29মনঃশির অর্ধেক বংশকে, অর্থাৎ, মনঃশির বংশধরদের অর্ধেক ভাগকে, তাদের গোষ্ঠী অনুসারে মোশি এই অধিকার দিলেন:
30মহনয়িম ছাড়িয়ে এবং সমগ্র বাশন যুক্ত এলাকা, বাশনের রাজা ওগের সমগ্র এলাকা—বাশনে অবস্থিত যায়ীরের সমস্ত জনবসতি, ষাটটি নগর,
31গিলিয়দের অর্ধেক ভাগ এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী। (বাশনে অবস্থিত ওগের রাজকীয় নগরগুলি) মনঃশির ছেলে মাখীরের বংশধরদের জন্য—তাদের গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার জন্য এটি অধিকার হল।
32মোশি যখন যিরীহোর পূর্বদিকে, জর্ডন নদীর পারে মোয়াবের সমভূমিতে ছিলেন, তখন তিনি এই উত্তরাধিকারটি দিয়েছিলেন।
33কিন্তু লেবির বংশকে মোশি কোনও উত্তরাধিকার দেননি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুই তাদের অধিকার, যেভাবে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.