Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

যিহিষ্কেল 6

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, তুমি ইস্রায়েলের পর্বতের দিকে মুখ করে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো
3এবং বলো: ‘হে ইস্রায়েলের পর্বত, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো। পাহাড় ও পর্বত, খাদ ও উপত্যকার প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব এবং তোমাদের উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেব।
4তোমাদের বেদি সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদিগুলি ভেঙে ফেলা হবে; আর তোমাদের প্রতিমাগুলির সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব।
5আমি ইস্রায়েলীদের মৃতদেহগুলি তাদের প্রতিমাদের সামনে রাখব এবং তোমাদের বেদির চারপাশে তোমাদের হাড়গুলি ছড়িয়ে দেব।
6তোমরা যেখানেই বসবাস করো না কেন সেখানকার নগরগুলি খালি পড়ে থাকবে এবং পূজার্চনার উঁচু স্থানগুলি ধ্বংস হবে, তার ফলে তোমাদের বেদিগুলি জনশূন্য ও বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকবে, তোমাদের প্রতিমাগুলি চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদিগুলি ভেঙে পড়ে যাবে এবং তোমাদের তৈরি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে।
7তোমাদের মধ্যে তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে, আর তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
8“ ‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে।
9আর যে সকল জাতির মধ্যে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে, যারা রক্ষা পাবে তারা আমায় মনে রাখবে—তাদের ব্যভিচারী হৃদয় আমাকে কেমন দুঃখ দিয়েছে, যার কারণে আমাকে ত্যাগ করেছে, এবং তাদের চোখ, যা তাদের প্রতিমাদের প্রতি কামনা করেছ। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে।
10আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি।
11“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি করাঘাত ও মাটিতে পদাঘাত করো আর চেঁচিয়ে বলো “হায়!” কারণ ইস্রায়েল কুল তাদের মন্দ ও জঘন্য কাজের জন্য যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারিতে মারা পড়বে।
12যে দূরে আছে সে মহামারিতে মরবে, এবং যে কাছে আছে সে যুদ্ধে মারা পড়বে, আর যে বেঁচে যাবে সে দুর্ভিক্ষে মরবে। এইভাবে আমার ক্রোধ আমি তাদের উপর সম্পূর্ণভাবে ঢেলে দেব।
13আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু, তাদের লোকেরা যখন বেদির চারপাশে প্রতিমাগুলির মধ্যে, সমস্ত বড়ো বড়ো পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটি গাছের নিচে এবং পাতাভরা এলা গাছের তলায়—যেখানে তারা তাদের প্রতিমাগুলি উদ্দেশ্যে ধূপ জ্বালাত সেইসব জায়গায় তারা মরে পড়ে থাকবে।
14আর আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং মরুএলাকা থেকে দিব্‌লা পর্যন্ত জনশূন্য ও ধ্বংসস্থান করব—তারা যেখানেই থাকুক। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.