Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

2 যোহন 1

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1আমি, এই প্রাচীন, সেই মনোনীত মহিলা ও তাঁর সন্তানদের উদ্দেশ্যে লিখছি, যাঁদের আমি প্রকৃতই ভালোবাসি, শুধু আমি নয়, যারা সত্যকে জানে, তারা সকলেই ভালোবাসে,
2কারণ সেই সত্য আমাদের অন্তরে আছে এবং চিরদিন আমাদের সঙ্গে থাকবে।
3পিতা ঈশ্বর এবং পিতার পুত্র, যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ, করুণা ও শান্তি আমাদের মধ্যে সত্যে ও প্রেমে বিরাজ করবে।
4পিতা যেমন আমাদের নির্দেশ দিয়েছেন, তোমার কয়েকজন সন্তান সেইমতো সত্যে জীবন কাটাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি।
5আর এখন, প্রিয় মহিলা, এ কোনো নতুন আজ্ঞা নয়, কিন্তু প্রথম থেকে যা পেয়েছি, এমন একটি আজ্ঞা সম্পর্কে আমি তোমাকে লিখছি। আমি বলি, আমরা যেন পরস্পরকে প্রেম করি।
6আর প্রেম হল এই: আমরা যেন তাঁর সব আজ্ঞার বাধ্য হয়ে চলি। প্রথম থেকেই তোমরা তাঁর এই আজ্ঞা শুনেছ যে, তোমরা প্রেমে জীবনযাপন করো।
7বহু প্রতারক, যারা যীশু খ্রীষ্টের মানবদেহে আগমনকে স্বীকার করে না, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই ধরনের লোকেরাই প্রতারক এবং খ্রীষ্টারি।
8সতর্ক থেকো, যে জন্য তোমরা পরিশ্রম করেছ, তা যেন হারিয়ে না ফেলো, বরং তোমরা যেন পূর্ণমাত্রায় পুরস্কার লাভ করতে পারো।
9খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা অতিক্রম করে চলে, সে ঈশ্বরকে পায়নি। সেই শিক্ষায় যে অবিচল থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে।
10কেউ যদি এই শিক্ষা না নিয়েই তোমার কাছে আসে, তাকে তোমার বাড়িতে স্থান দিয়ো না বা স্বাগত জানিয়ো না।
11যে তাকে স্বাগত জানায়, সে তার দুষ্কর্মের অংশীদার হয়।
12তোমাকে আরও অনেক কথা লেখার ছিল, কিন্তু আমি কাগজ কলম ব্যবহার করতে চাই না। বরং, আমি তোমাদের কাছে গিয়ে সাক্ষাতে কথা বলার আশা করি, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
13তোমার মনোনীত বোনের সন্তানেরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.